রাবি লাইব্রেরিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নতুন সুবিধা

রাবি লাইব্রেরিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নতুন সুবিধা

সংগৃহীত

প্রতিষ্ঠার প্রায় ছয় দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে লিফট, পৃথক টয়লেট ও ডিজেবল কর্ণারসহ বিভিন্ন সুবিধা। একইসঙ্গে, লাইব্রেরির সংস্কার কাজ দ্রুত শেষ করা এবং সাইকেল রাখার জন্য পৃথক গ্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে এসে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। এ সময় লাইব্রেরির চলমান সংস্কার কাজ দ্রুত শেষ করা এবং শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজ নির্মাণে প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দেন তিনি।

উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা এ পর্যন্ত লাইব্রেরির সুযোগ-সুবিধা তেমনভাবে পায়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইউজিসির সহযোগিতায় খুব অচিরেই লাইব্রেরিতে লিফট স্থাপন করা হবে। তারা যাতে রিডিং রুমসহ লাইব্রেরির অন্যান্য সুবিধা সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং সহজে ওঠানামা করতে পারে সেসব বিষয় পরিদর্শন করতেই আমরা এসেছি।”

উপাচার্য আরো বলেন, “লাইব্রেরির আশপাশে যত্রতত্র সাইকেল রাখা দেখতে পাচ্ছি। এ সমস্যার সমাধানেও আমরা একটি স্থায়ী ব্যবস্থা নিতে যাচ্ছি।”

প্রসঙ্গত, প্রায় ছয় দশক আগে ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় গ্রন্থাগারে সাধারণ পাঠকক্ষ, দুটি ডিসকাশন রুম ও রেফারেন্স রুম মিলিয়ে পাঁচ শতাধিক আসন রয়েছে বলে জানিয়েছেন লাইব্রেরি প্রশাসক। তবে, এসব পাঠকক্ষের কোথাও প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ার জন্য বিশেষ ব্যবস্থা নেই।