শিল্প-প্রকৃতি-পর্যটনের সমন্বয়ে গাজীপুরকে চমৎকার জেলা হিসেবে গড়ে তুলতে চাই : ডিসি

শিল্প-প্রকৃতি-পর্যটনের সমন্বয়ে গাজীপুরকে চমৎকার জেলা হিসেবে গড়ে তুলতে চাই : ডিসি

ছবি: সংগৃহীত

শিল্প-প্রকৃতি-পর্যটন এই তিনের সমন্বয়ে গাজীপুরকে চমৎকার জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া।

রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। 

জেলা প্রশাসক বলেন, গাজীপুর ঢাকার পার্শ্ববর্তী একটি জেলা। এখানে আসতে মানুষের সময় ও শ্রম কম লাগে। ঢাকা শহরের কোলাহল ও ইট-বালু-পাথরের যান্ত্রিকতা থেকে মানুষ যখন কিছুক্ষণের জন্য একটু নীরবে-নিভৃতে নিজেকে সময় দিতে চায়, তখন গাজীপুরকে বেছে নেয়। এখানে মানুষ বেড়াতে আসে এবং তাদের স্বস্তির জায়গাটা খুঁজে পায়। এখানে চমৎকার একটি শিল্প গড়ে উঠেছে... রিসোর্ট শিল্প। সারা দেশের তুলনায় এখানে উল্লেখযোগ্য সংখ্যক রিসোর্ট রয়েছে। 

তিনি বলেন, এখানে শিল্পের পাশাপাশি সবুজের সমারোহে, নিরিবিলিতে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর চমৎকার সুযোগ রয়েছে। আমরা মনে করি, এখানে এই পর্যটন শিল্পটি আরও সুন্দরভাবে বিকশিত হওয়ার সুযোগ আছে। ঢাকার পাশেই এটি একটি গুরুত্বপূর্ণ জেলা। ফলে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় করে মানুষ এখানে বেড়াতে আসতে পারবেন।

মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, বর্তমান সরকার পর্যটন শিল্পের বিকাশে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনার আলোকে গাজীপুরে পর্যটন খাতের উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটি সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছি। এজন্য আমরা রিসোর্ট মালিকদের নিয়ে একটি সভা করব। আমাদের লক্ষ্যে একটি সমন্বিত প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট তৈরি করা, যার মাধ্যমে যেকোনো ভ্রমণপিপাসু মানুষ মুহূর্তের মধ্যেই জানতে পারবেন কোনো রিসোর্টটি খালি আছে, কোনটির ভাড়া কত এবং কোথায় কী ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এর ফলে পর্যটকেরা পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ভ্রমণের সিদ্ধান্ত নিতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে সব সেবা পেয়ে যাবেন। সেজন্য রিসোর্টের মালিক এবং এই ব্যবসার সাথে জড়িত সকলের সাথে কথা বলে আমরা একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা সেটি খুব দ্রুত করতে পারব। সরকারের পক্ষ থেকেও সব ধরনের সহায়তার জন্য প্রস্তুতি রয়েছে। আমরা এই শিল্পটিকে সার্বিকভাবে বিকাশের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, আমরা সারা দেশের মানুষের সামনে এই শিল্পের বিকাশকে তুলে ধরতে চাই। গাজীপুরে যে রিসোর্টগুলো গড়ে উঠেছে, সেগুলোকে কেন্দ্র করে আমরা পুরো জেলাটাকেই একটি ‘রিসোর্টের জেলা’ হিসেবে রূপান্তর করতে পারি। শিল্প, প্রকৃতি এবং পর্যটন এই তিনের সমন্বয়ে আমরা একটি চমৎকার গাজীপুর গড়ে তুলতে চাই। ঢাকার পাশের এই গুরুত্বপূর্ণ জেলাটিকে সমৃদ্ধ করার লক্ষ্যে আমি সকলের সহযোগিতা কামনা করি।

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এসি (ডিবি-উত্তর) মো. মাহবুবুর রহমান চৌধুরী, ট্যুরিস্ট পুলিশ গাজীপুরের ইনচার্জ মো. মাইন উদ্দিন, ডা. সিয়াম মোর্শেদ প্রমুখ। 

গাজীপুর জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডিজিটাল অ্যাজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় পর্যটনের রূপান্তর’। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুরের টুরিস্ট পুলিশ ও শিক্ষক, শিক্ষার্থীরা।