ওজনে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ করল বিএসটিআই

ওজনে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ করল বিএসটিআই

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনের সবগুলো ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বিএসটিআই। অভিযানে একটি অকটেন ও চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ থেকে ৫৩০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। অপরাধ প্রমাণ হওয়ায় পাঁচটি মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পৌর ফিলিং স্টেশনের পাঁচটি ইউনিটই বন্ধ করে প্রতিটির পরিমাপ দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

অভিযানকালে পাঁচটি ডিসপেন্সিং ইউনিটের তেল সরবরাহের পরিমাণ যাচাই করা হয়। এতে অকটেনের ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৩০ মিলিলিটারের বেশি এবং ডিজেলের চারটি ইউনিটে যথাক্রমে ৩৩০, ৩০০, ৩৪০ ও ৩২০ মিলিলিটারের বেশি তেল কম পাওয়া যায়। প্রতিটি ক্ষেত্রেই ঘাটতি অনুমোদিত সহনীয় সীমা ৩০ মিলিলিটার অতিক্রম করে।

জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দৈনিক আনুমানিক ১ হাজার ৫০০ লিটার এবং অন্যান্য যানবাহন আনুমানিক ৫ হাজার লিটার অকটেন ও ডিজেল ক্রয় করে থাকে। প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি বিক্রি হওয়া এ প্রতিষ্ঠানের পাঁচটি ইউনিটেই পরিমাপে ঘাটতি পাওয়ায় ক্রেতাদের আর্থিক ক্ষতির বিষয়টি সামনে আসে।

এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পাঁচটি মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দ্রুত প্রতিটি ইউনিটের পরিমাপ সঠিক করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।