গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখানে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোলবোমা উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোলবোমার সন্ধান পাওয়া গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিট ডাকা হয়েছে।

ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।