হঠাৎ বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী
ছবিঃ সংগৃহিত।
কোনো পূর্বঘোষণা ছাড়াই যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, ইমিগ্রেশন কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা ও পণ্য ওঠানামার শেড ঘুরে দেখেন।
এ সময় যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য আরও গতিশীল করার বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নান ও যশোরের পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছান।
সভায় বন্দরের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আন্তর্জাতিক যাত্রীদের সেবার মান বৃদ্ধি, নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার এবং ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ ও যাত্রীবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমের অগ্রগতি এবং সীমান্ত বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে প্রতিমন্ত্রী ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট, আন্তর্জাতিক ইমিগ্রেশন এলাকা এবং বন্দরের বিভিন্ন পণ্য ওঠানামার শেড পরিদর্শন করেন। এ সময় তাঁরা বন্দরের অবকাঠামো ও চলমান কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ রুহুল আমিনসহ ইমিগ্রেশন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বেনাপোল স্থলবন্দর ত্যাগ করেন।