চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলে নিহত
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি খাদে পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের বুড়িপুকুর-পুসকুনি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কানসাট থেকে গোমস্তাপুরগামী একটি যাত্রীবাহী ভটভটি বুড়িপুকুর পুশকুনি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েস উদ্দিন (৭০)। পরে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আয়েস উদ্দিনের ছেলেন শরিফুল ইসলাম (৪৪) মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে আনার পর তার ছেলে মারা যান। বাকিদের চিকিৎসা চলছে। খবর পেয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।