এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের চবি শিবিরের সংবর্ধনা

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের চবি শিবিরের সংবর্ধনা

সংগৃহীত

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় হাটহাজারী উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত প্রায় চারশত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি অধ্যাপক আতিয়ার রহমান বলেন, “সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও অবৈধভাবে সম্পদ অর্জনের প্রবণতা বন্ধ করতে হবে। দীর্ঘদিন ধরে মানুষের যে প্রত্যাশা, তা পূরণে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে।” পাশাপাশি তরুণদের মধ্যে দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি আবদুল মালেক চৌধুরী বলেন, “মেধাবী তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। জীবনে সফল হতে সততা, পরিশ্রম ও মানুষের ভালোবাসাকে পুঁজি করতে হবে। দুর্নীতি ও অনৈতিক উপায়ে অর্জিত সম্পদ কখনো প্রকৃত সফলতা এনে দিতে পারে না। তাই শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।”

চবি শিবিরের সভাপতি ইব্রাহিম হোসাইন রনি বলেন, “জিপিএ-৫ অর্জন করাই জীবনের চূড়ান্ত সফলতা নয়; এর পাশাপাশি মানবিকতা, সততা, দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও শিক্ষাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি অন্য ধর্ম ও মতের মানুষের প্রতিও সম্মান দেখিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) ভিপি ও চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চবির প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও স্থানীয় জামায়াত নেতা আব্দুল মালেক চৌধুরী এবং চাকসুর জিএস ও ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক সাইদ বিন হাবিব।