অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
সংগৃহীত
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রঞ্জন বর্মন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গড়েয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে একজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি গড়েয়া এলাকা থেকে ঠাকুরগাঁও জেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা কয়েকজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রঞ্জন বর্মনকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বলেন, গড়েয়া এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।