শৈলকুপায় ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

শৈলকুপায় ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

সংগৃহীত

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ৭৭ পিস নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেনের নেতৃত্বে শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল এতে অংশ নেয়। অভিযান শেষে জব্দকৃত জালগুলো কবিরপুর নতুন ব্রিজের পাশে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য দপ্তর জানায়, চায়না দুয়ারী জাল অত্যন্ত সূক্ষ্ম ও ঘন বুননের হওয়ায় মাছের পোনাসহ অন্যান্য ক্ষুদ্র জলজ প্রাণী এতে আটকা পড়ে মারা যায়। বিশেষ করে প্রজনন মৌসুমে এ জালের অবাধ ব্যবহার দেশীয় মাছের বংশবিস্তার এবং স্বাভাবিক খাদ্যশৃঙ্খল চরমভাবে ব্যাহত করছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, ‘চায়না দুয়ারী জাল আমাদের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। নদী ও জলাশয় রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রির প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বোদ্ধামহলের মতে, দেশীয় মৎস্যসম্পদ টিকিয়ে রাখতে কেবল জাল জব্দই যথেষ্ট নয়; এর ব্যবহারকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন।