গ্রামীণ ব্যাংক বোদওয়াঁ পুরস্কার পেলেন ২৪০ সদস্য ও ৪০ কর্মী

গ্রামীণ ব্যাংক বোদওয়াঁ পুরস্কার পেলেন ২৪০ সদস্য ও ৪০ কর্মী

সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও নোবেল জয়ের ২০ বছর উদযাপন উপলক্ষে ২৪০ জন স্বাবলম্বী সদস্য ও ৪০ জন শ্রেষ্ঠ কর্মীকে মর্যাদাপূর্ণ ‘গ্রামীণ ব্যাংক বোদওয়াঁ পুরস্কার’ দেওয়া হয়েছে। রবিবার দেশ জুড়ে ব্যাংকের জোনাল কার্যালয়গুলোয় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

দারিদ্র্যবিমোচন, নারীর ক্ষমতায়ন, শতভাগ ঋণ আদায়, আমানত বৃদ্ধি, ১৬ সিদ্ধান্ত বাস্তবায়নসহ সুনির্দিষ্ট সূচকের ভিত্তিতে এ বছর পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করা হয়। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেছেন, প্রান্তিক পর্যায়ের সহকর্মী ও সদস্যদের অদম্য কর্মস্পৃহা প্রতিষ্ঠানের অগ্রগতিকে সমৃদ্ধ করছে। এই সম্মাননা দারিদ্র্য নিরসনে টেকসই ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৩ সালে বেলজিয়ামের রাজা বোদওয়াঁ ফাউন্ডেশনের দেওয়া পুরস্কারের অর্থ দিয়ে ১৯৯৪ সালে একটি স্থায়ী তহবিল গঠন করা হয়। সেই তহবিলের আয় থেকেই ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হচ্ছে।