দামি ফোনের ক্যামেরায় ঝাপসা ছবি আসছে? এই সেটিংস বদলালেই ছবি হবে ঝকঝকে
ফাইল ছবি
অনেকেই শখের বশে দামি ফোন কেনেন যাতে ক্যামেরায় দুর্দান্ত ছবি ওঠে এবং জীবনের বিশেষ মুহূর্তগুলো সুন্দরভাবে ধরে রাখা যায়। কিন্তু অনেক সময় ভালো ক্যামেরা থাকা সত্ত্বেও ছবি একেবারেই পরিষ্কার আসে না। তখন মনে হতে পারে ফোনটির ক্যামেরা হয়তো খারাপ কিংবা নির্মাতা প্রতিষ্ঠান ভালো ক্যামেরা দেয়নি। আসলে সব সময় এর পেছনে বড় কোনো হার্ডওয়্যারজনিত সমস্যা থাকে না, বরং ফোনের কিছু সেটিংসের ত্রুটির কারণে এমনটি ঘটে। আপনার ফোনেও যদি এমন ঝাপসা ছবি আসে, তবে ছোট কয়েকটি সেটিংস বদলেই ক্যামেরার কার্যকারিতা ফিরিয়ে আনা সম্ভব।
সেটিংস বদলানোর আগে প্রথমে ফোনের পেছনের ক্যামেরার কাচ ভালোভাবে পরীক্ষা করে দেখা দরকার। পকেট বা হাতের দাগ, তেল কিংবা ধুলাকণা অনেক সময় ক্যামেরার লেন্সে জমে যায়, যার ফলে আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না।
এছাড়া নিম্নমানের টেম্পারড গ্লাস বা ক্যামেরা প্রটেক্টর ব্যবহার করাও ফোকাস নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ। মাইক্রোফাইবারের নরম কাপড় দিয়ে ক্যামেরার লেন্স সবসময় পরিষ্কার রাখা এবং প্রটেক্টরে কোনো আঁচড় থাকলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত। এই ছোট্ট কাজটিই ছবির ঝাপসাভাব দূর করার ক্ষেত্রে অর্ধেক সমস্যার সমাধান করে দিতে পারে।
লেন্স পরিষ্কার করার পরও ছবি পরিষ্কার না এলে ক্যামেরা অ্যাপের সেটিংস খতিয়ে দেখা জরুরি। ক্যামেরার রেজুলেশন এবং ফ্রেমের সেটিংসে গিয়ে ছবি বা ভিডিও নিম্নমানের মোডে সেট করা আছে কি না তা দেখে নিতে হবে। এর পাশাপাশি এইচডিআর মোড সবসময় স্বয়ংক্রিয় বা অটো মোডে রাখা উচিত, যা আলো অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অনেক সময় ব্যবহারকারীরা ভুল করে মাইক্রো মোড বা ম্যানুয়াল ফোকাস চালু করে রাখেন, যার ফলে সাধারণ ছবি তোলার সময় ক্যামেরা সঠিক জায়গায় ফোকাস করতে ব্যর্থ হয়। এই ধরনের ছোটখাটো সেটিংস রিসেট করে আবার পূর্বের ডিফল্ট মোডে ফিরিয়ে আনলে ছবির মানে বড় ধরনের পরিবর্তন দেখা যায়।
ছবি তোলার সময় হাত সামান্য কেঁপে গেলে বা ফোন স্থির না রাখলেও ছবি ঝাপসা হতে পারে। এটি এড়াতে ক্যামেরার সেটিংসে গিয়ে গ্রিড লাইন চালু রাখা যেতে পারে, যা ফ্রেম সঠিকভাবে সাজাতে সাহায্য করে। এছাড়া কোনো বিষয়ের ছবি তোলার সময় স্ক্রিনে সেই নির্দিষ্ট জায়গায় ট্যাপ করে ফোকাস লক করে নিলে ক্যামেরা বুঝতে পারে ছবির ঠিক কোন অংশে ফোকাস করতে হবে। কম আলো বা রাতের বেলায় নাইট মোড ব্যবহার এবং ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস সবসময় চালু রাখা উচিত। এই কৌশলগুলো মেনে চললে হাতের সামান্য নড়াচড়ার কারণে ছবি নষ্ট হওয়ার আশঙ্কা কমে যায় এবং প্রতিটি ছবিই আরও স্পষ্ট ও পেশাদার হয়ে ওঠে।