তথ্যপ্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধনে নতুন উদ্যোগ

তথ্যপ্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধনে নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং শিল্পের বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটাতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ শীর্ষক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ান স্কাই কমিউনিকেশন্স লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নেটওয়ার্কিং ও ইন্টারনেট সেবা (আইএসপি) খাতের কাজ, প্রযুক্তি এবং পেশাগত দক্ষতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিটিএসপিএবি) সভাপতি আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুৎ, সামিট কমিউনিকেশন্স লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শারমিন জামান এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ইশরাত জাহান।

ওয়ান স্কাই কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন বলেন, শিল্পপ্রতিষ্ঠানে হাতে-কলমে প্রশিক্ষণ এবং বাস্তব আইএসপি কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে একাডেমিক জ্ঞানকে কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

প্রধান অতিথি ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম
 
আয়োজকেরা বলেন, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটভিত্তিক শিল্প দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ খাতে শুধু একাডেমিক জ্ঞান নয়, বাস্তব কাজের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং পেশাগত আচরণও গুরুত্বপূর্ণ। শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের আগেভাগে যুক্ত করা গেলে ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য তাঁদের আরও প্রস্তুত করা সম্ভব হবে।

‘আপনার দক্ষতা—আগামীর প্রবেশপথ’ এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের শিল্পের বাস্তব পরিবেশের সঙ্গে পরিচিত করার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।