নাটোরে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত, গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি

নাটোরে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত, গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি

প্রতিকি ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে ফজরের আজান দেওয়া অবস্থায় সৈয়দ আলী মৃধা (৪৮) নামে এক মুয়াজ্জিনকে ছুরিঘাতে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পিঁপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত মুয়াজ্জিন সৈয়দ আলী মৃধা চর বাঙালপাড়া এলাকার শাহাদত হোসেনের ছেলে। 

স্থানীয় মুসল্লি আব্দুর রহমান জানান, ভোরে সৈয়দ আলী মৃধা মসজিদের মাইকে আজান দিচ্ছিলেন। একপর্যায়ে হঠাৎ আজান বন্ধ হয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা মসজিদে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ধারালো ছুরি দিয়ে তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম বলেন, ঠিক কেন বা কারা মসজিদে ঢুকে এমন নির্মমতা দেখালো বোঝা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করতে থানায় এসেছে। মামলা দায়ের হলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।