জয়পুরহাট সীমান্তে তিন যুবককে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা
ফাইল ছবি
জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার সকালে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএসএফ সদস্যরা তিন যুবককে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলারের কাছে এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা আজিম হোসেন বলেন, সকালে সীমান্তসংলগ্ন মাঠে কাজ করার সময় তিনি বিএসএফ সদস্যদের তিন যুবককে সীমান্তের কাছে এনে রাখার দৃশ্য দেখতে পান। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেন। পরে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দেন।
বিজিবি ও স্থানীয় বাসিন্দারা মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কপথে অবস্থান নিয়ে পাহারা শুরু করলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে তিন যুবক ভারতীয় সীমান্তের ভেতরে ফিরে যান।
ঘটনার পর পরিস্থিতি নিয়ে বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে বেলা ১১টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টার বৈঠকে কোনো সমাধান হয়নি।
বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বলেন, বিএসএফ ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়ে তাদের ভারতীয় সীমান্তের ভেতরে ফেরত পাঠায়। প্রথম দফার বৈঠকে সমাধান না হওয়ায় এ বিষয়ে আরও একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।