রণবীরের সিনেমার শুটিং সেটে আগুন, কেমন আছেন অভিনেতা?

রণবীরের সিনেমার শুটিং সেটে আগুন, কেমন আছেন অভিনেতা?

ফাইল ছবি

চার হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কমতি নেই। রণবীর কাপুরকে রামরূপে দেখে মুগ্ধ সবাই। প্রশংসার পাশাপাশি মুক্তিপ্রতীক্ষিত ছবিটিকে সমালোচনাও হজম করতে হচ্ছে বিভিন্ন সময়। এবার একটি দুঃসংবাদ। ‘রামায়ণ’ শুটিং সেটে অগ্নিকাণ্ড। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য

মুম্বাইয়ে ‘প্রাইম ফোকাস স্টুডিওজ’-এ শুটিং চলছিল ‘রামায়ণ’-এর। স্টুডিওর বাইরের তাবু থেকে আগুন ছড়িয়ে যায়। খবরটি ছড়াতেই কপালে ভাঁজ রণবীর অনুরাগীদের। কেমন আছেন অভিনেতা, সেটের ক্ষয়ক্ষতি হয়েছে কি— প্রশ্ন তাদের। সেসবের উত্তর দিয়েছেন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর সভাপতি বি এন তিওয়ারি। 

তিনি বলেন, ‘প্রথমে স্টুডিওর বাইরের একটি তাঁবুতে আগুন লেগেছিল। সেখান থেকেই ছড়িয়ে পড়েছে। তবে ভয়াবহ কিছু ঘটার আগেই সেখানকার প্রত্যক্ষদর্শীদের জন্য আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেভাবে সেটের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারও প্রাণহানি হয়নি। এমনকী কেউ আহতও হননি।’

তবে প্রযোজকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিওয়ারি। তাদের অসতর্কতাকে দায়ী করে বলেন, ‘কয়েক দিন আগেই ওই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর আমরা সব প্রযোজকের সঙ্গে যোগাযোগ করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলেছিলাম। কিন্তু অসতর্কতার কারণে সেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটল। সৌভাগ্যবশত, কেউ আহত হননি এবং ক্ষয়ক্ষতিও সামান্য হয়েছে। তবে এই ঘটনা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। যাতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত আগাম সতর্কতা অবলম্বন করতে পারেন তাঁরা।’

শুটিং সেটে অগুন লাগার ঘটনা নতুন না। সম্প্রতি ভজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’-র শুটিং সেটে আগুন লাগে। গল্প অনুযায়ী আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকার কথা ছিল নায়িকার। সেভাবেই সাজানো হয়েছিল সেট। চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছিল। মাঝখানে দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে। হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ায় অল্পের জন্য বেঁচে যান নায়িকা।