সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার আশ্বাস চীনের
সংগৃহীত ছবি
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি টেলিকমভিত্তিক প্রতারণাসহ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আইজিপি আলী হোসেন ফকিরের সঙ্গে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় এসব বিষয়ে আলোচনা হয় বলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় ও আইনশৃঙ্খলাসংক্রান্ত সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে।
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, প্রয়োজনীয় সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে চীনা প্রতিনিধিদল।
ভবিষ্যতে সাইবার অপরাধ ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। দীর্ঘমেয়াদি সহযোগিতার অংশ হিসেবে প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।