পিরোজপুরে জেলা প্রশাসকের সঙ্গে জেলা আইনজীবী সমিতির মতবিনিময়

পিরোজপুরে জেলা প্রশাসকের সঙ্গে জেলা আইনজীবী সমিতির মতবিনিময়

সংগৃহীত

পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী’র সঙ্গে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সভায় উপস্থিত ছিলেন, জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আবুল কালাম আকন, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাড. সৈয়দ সাব্বির আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. এমডি আউয়াল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত) অ্যাড.মনিরুল ইসলাম খান, জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. সৈয়দ আশিক আহম্মেদ, অ্যাড. রেজাউল ইসলাম শামীম, আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাড.  আকরাম আলী মোল্লাসহ সমিতির অন্যান্য আইনজীবীরা।

মতবিনিময়কালে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মামলা জট নিরসন এবং জেলা প্রশাসন ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় জেলা প্রশাসক মো.গোলাম রব্বানী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। জেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে আইনজীবী সমিতির সহযোগিতা অপরিহার্য।

জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।