হাসপাতালে এসে লিফটেই সন্তানের জন্ম, অসচ্ছল মা-শিশুকে বিনামূল্যে চিকিৎসা
সংগৃহীত ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গিয়ে লিফটেই সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।
বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বারইয়ারহাট পৌরসদরের বিএম হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রসূতি প্রিয়াঙ্কা রায় উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মিলন রায়ের স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়, রাতে পেটে ব্যথা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন প্রিয়াঙ্কা। লিফটে করে ওপরে ওঠার সময় হঠাৎ তাঁর প্রসববেদনা শুরু হয়। পরিস্থিতি বুঝতে পেরে চিকিৎসক ও নার্সরা লিফটেই তাঁর প্রসবের ব্যবস্থা করেন।
পরে নবজাতককে এনআইসিইউতে এবং প্রিয়াঙ্কাকে মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রসবের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থা ভালো ছিল না। পরে স্বজনদের খোঁজ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে যোগাযোগ করে প্রিয়াঙ্কার স্বামী মিলন রায়ের সন্ধান পায়। তবে নবজাতকের অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য বিএম হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এসময় মা ও শিশুর পরিস্থিতি দেখতে হাসপাতালে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, মিরসরাই পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহন দে এবং হাসপাতাল ডেভেলপমেন্ট শাখার মোশাররফ হোসেন।
জানা গেছে, পরিবারটির আর্থিক অসচ্ছলতার কথা জানতে পেরে চিকিৎসার পুরো দায়িত্ব নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মা ও শিশুর চিকিৎসা, ওষুধ, খাবারসহ যাবতীয় খরচ বিনামূল্যে বহন করছে হাসপাতালটি।
বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গণি ভূইয়া রাহাত বলেন, নবজাতক ও মায়ের শারীরিক অবস্থা ভালো ছিল না। নবজাতককে হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।
বর্তমানে মা অনেকটা সুস্থ। তবে শিশুর অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারটির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মা ও শিশুর চিকিৎসা, ওষুধ, খাবারসহ সব খরচ আমরা বহন করছি।
মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা বলেন, খবর পেয়ে রাতে হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষকে চিকিৎসা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মা ও শিশুর চিকিৎসা বিনামূল্যে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।