চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৯০

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৯০

ফাইল ছবি

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের অভিযানে ৭৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৫৮ জন, পূর্ববর্তী মামলায় ৮৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন, কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জন, পরোয়ানামূলে ১৪১ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৪৮ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ২৭ জন মাদক ব্যবসায়ীসহ মাদক সংক্রান্ত অভিযানে মোট ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে কারাদণ্ড এবং ১০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ২৩টি মাদক মামলা করা হয়।

অভিযানে ৪৩ হাজার ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৮২ কেজি ৮০ গ্রাম গাঁজা, ১২ লিটার চোলাই মদ, ১২ বোতল বিদেশি মদ এবং তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামে ৪ জন, কুমিল্লায় ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, চাঁদপুরে ৭ জন, নোয়াখালীতে ৪ জন, লক্ষ্মীপুরে ২ জন, ফেনীতে ৬ জন, রাঙ্গামাটিতে ১ জন এবং বান্দরবানে ১ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৭১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ১২৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের সংখ্যা হলো— চট্টগ্রামে ৫৬ জন, কক্সবাজারে ৩১ জন, কুমিল্লায় ১৫০ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ জন, চাঁদপুরে ১৯ জন, নোয়াখালীতে ১৫৭ জন, লক্ষ্মীপুরে ছয় জন, রাঙ্গামাটিতে পাঁচ জন এবং খাগড়াছড়িতে ২৫ জন।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।