মাগুরায় ২৮ হাজার ইয়াবাসহ একজন আটক

মাগুরায় ২৮ হাজার ইয়াবাসহ একজন আটক

প্রতিকি ছবি

মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল ও ফেনসিডিলসহ রাশেদ শেখ (৪১) নামের এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল। এ সময় নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, চারটি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে কলেজপাড়া এলাকার স্বপ্নবিলাস নামের একটি বাড়ির চতুর্থ তলায় এ অভিযান চালানো হয়। আটক রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।

এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন মাদক কারবারের মূল হোতা হিসেবে উল্লেখ করা দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন। অভিযান চলাকালে এসআরবির উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে ওই বাসা থেকে রাশেদ শেখকে আটক করা হয়।

অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গণনার যন্ত্র, একটি প্রিন্টার, চারটি ল্যাপটপ, ওয়াকিটকি, প্রেস বুম মাইক্রোফোন এবং মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ফেনসিডিলও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

এ ঘটনায় আটক রাশেদ শেখের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।