কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ফাইল ছবি

 

কক্সবাজার শহরে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সুগন্ধা ও সরকারি কলেজ গেট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

অভিযানে সুগন্ধা পয়েন্ট এলাকার একটি হোটেলকে খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা, কাঁচা ও রান্না করা খাবার একইসাথে একই ফ্রিজে সংরক্ষণ করা, ডিটারজেন্ট দিয়ে ডিশ ওয়াশ করাসহ বিভিন্ন অপরাধে ৩০ হাজার টাকা এবং কক্সবাজার সরকারি কলেজ গেট এলাকার একটি হার্ডওয়ার দোকানকে মেয়াদ উত্তীর্ণ রং বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করেন।

এছাড়াও অভিযানকালে ফলের দোকান, মুরগির দোকান, মাংসের দোকান, মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ ইত্যাদি তদারকি করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য পণ্য বিক্রয় করছেন কিনা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা ব্যবহার করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করেন।

মো. হাসান-আল-মারুফ জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান।