হাবিপ্রবি রোটারেক্ট ক্লাব এর নতুন কমিটি গঠন
ফাইল ছবি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রোটারেক্ট ক্লাবের ২০২৬–২০২৭ রোটারি বর্ষের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাদ্দাত পিয়াস পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ক্লাবের সংবিধান ও নির্ধারিত নির্বাচন নীতিমালা অনুসরণ করে নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি সাদ্দাত পিয়াস পাটোয়ারী বলেন, “রোটারেক্ট ক্লাব অব এইচএসটিইউ-এর ২০২৬–২০২৭ রোটারি বর্ষের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং একইসঙ্গে, গুরুত্বপূর্ণ দায়িত্বের বিষয়।আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে শুধু একটি পদ নয়; বরং সকলকে সঙ্গে নিয়ে একটি অভিন্ন লক্ষ্য অর্জনে কাজ করে যাওয়া।আমি নবীন ও অভিজ্ঞ সকল সদস্যকে সঙ্গে নিয়ে ক্লাবের ঐতিহ্য ও আদর্শ সমুন্নত রেখে সমাজসেবা, মানবিক কল্যাণ এবং যুব নেতৃত্বের বিকাশে কাজ করতে চাই। একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও গতিশীল ক্লাব গড়ে তোলাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।”
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন বলেন, “রোটারেক্ট ক্লাব অব এইচএসটিইউ-এর ২০২৬–২০২৭ রোটারি বর্ষের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্ব ও নতুন পথচলার সূচনা।এই যাত্রায় আমার ওপর আস্থা রেখে যারা আমাকে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই বিশ্বাস আমার কাছে শুধু একটি অর্জন নয়, বরং সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করার একটি অঙ্গীকার। আমি বিশ্বাস করি, রোটারেক্ট কেবল একটি সংগঠন নয়; এটি নিজেকে গড়ে তোলার, নেতৃত্বের গুণাবলি বিকশিত করার এবং মানুষের পাশে দাঁড়ানোর একটি অনন্য প্ল্যাটফর্ম। তাই এই দায়িত্বে থেকে আমি ক্লাবের কার্যক্রমে ইতিবাচক অবদান রাখতে, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আন্তরিকভাবে কাজ করতে চাই।”