মুস্তারির শতক ম্লান করে অস্ট্রেলিয়াকে সিরিজ জেতালেন ভল

মুস্তারির শতক ম্লান করে অস্ট্রেলিয়াকে সিরিজ জেতালেন ভল

ছবি: সংগৃহীত

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সোবহানা মোস্তারির ক্যারিয়ার সেরা ও ঐতিহাসিক শতক সত্ত্বেও অজি ব্যাটার জর্জিয়া ভলের ঝোড়ো অপরাজিত ১৩১ রানের ইনিংসে ভর করে সহজ জয় পায় আয়োজকরা।

রোববার টস হেরে প্রথমে ব্যাটে নেমে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ নারী দল। স্কোরবোর্ডে মাত্র ৮ রান তুলতেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার। ফারজানা হক ও শারমিন আক্তার দুজনই শূন্য রানে বিদায় নেন। তবে চতুর্থ উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে রেকর্ড ১৯৫ রানের জুটিতে দলকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেন সোবহানা মোস্তারি।

অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে প্রথম বাংলাদেশি নারী ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করার কীর্তি গড়েন সোবহানা। ১৩৪ বলে ১৮টি চারের সাহায্যে ১১৮ রান করে আউট হন তিনি। অন্যদিকে সতর্কতার সঙ্গে ফিফটি তুলে নিয়ে ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক জ্যোতি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেননি দুই অজি ওপেনার জর্জিয়া ভল ও ফিবি লিচফিল্ড। উদ্বোধনী জুটিতেই দুর্দান্ত শুরু এনে দেওয়ার পর লিচফিল্ড ৭০ রানে আউট হলেও ভল ছিলেন অনবদ্য। মাত্র ৯৭ বলে অপরাজিত ১৩১ রানের চোখধাঁধানো ইনিংস খেলে অ্যালাইস পেরি (অপরাজিত) সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

অস্ট্রেলিয়া মাত্র ২৮.১ ওভারে ১ উইকেটে ২২২ রান তুলে সহজ জয় নিশ্চিত করে। ম্যাচ জয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন জর্জিয়া ভল।