থানচিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদা আদায় ৩৭ শতাংশ কমেছে: বিজিবি
ছবি: সংগৃহীত
বান্দরবানের থানচি উপজেলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদা আদায় গত অর্থবছরের তুলনায় প্রায় ৩৭ দশমিক ৩৭ শতাংশ কমেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বলিপাড়া জোন (৩৮ বিজিবি) জানায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৭ কোটি টাকা চাঁদা আদায় হলেও ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ১৬ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকায় দাঁড়িয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বলিপাড়া জোনের অধিনায়কের প্রেস ব্রিফিংয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযান, মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়।
বিজিবি জানায়, গত ২০ মে আরাকান আর্মিতে যোগ দিতে যাওয়ার পরিকল্পনাকারী দুই পাহাড়ি যুবকসহ অপহরণকারী হিসেবে অভিযুক্ত মাংলে ম্রোকে আটক করা হয়। পরে ২২ মে থানচির বিদ্যামনি পাড়া এলাকা থেকে অপহৃত আমু হোসেনকে উদ্ধার এবং মুক্তিপণের তিন লাখ টাকা ও অপহরণে ব্যবহৃত মোটরসাইকেলসহ মাংলে ম্রোকে আটক করা হয়।
এ ছাড়া বিভিন্ন অভিযানে একটি গ্রেনেড, ছয় রাউন্ড গুলি, পাঁচটি গ্রেনেড ও দুটি অ্যান্টি-পার্সোনেল আইইডি বা মাইন উদ্ধার করা হয়। জুলাইয়ে সশস্ত্র সদস্যদের ছিনতাই করা একটি চাঁদের গাড়ি উদ্ধার এবং চাঁদা আদায়ের অভিযোগে সূর্য সেন চাকমাকে আটক করা হয়। সেপ্টেম্বরে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারে সেনাবাহিনী ও বিজিবির যৌথ তৎপরতার কথাও জানানো হয়।
মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম এলাকায় আটকে পড়া চার পর্যটককে উদ্ধার, সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার এবং অসুস্থ পর্যটককে চিকিৎসাসেবা দেওয়ার তথ্য জানায় বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৫ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা, ৩৫০ জনকে কম্বল, ছয়টি মেডিকেল ক্যাম্পে ৬৫৬ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৮ পরিবারের ৭৩০ জনকে খাদ্য ও ত্রাণ দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।