‘সারের সংকট মেটাতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে’
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে কৃষকদের সারের সংকট দূর করতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা ও বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। মির্জা ফয়সল আমিন বলেন, ‘আমরা জানি, আপনারা সারের জন্য কষ্ট পাচ্ছেন। সংসদে যেতে পারলে কৃষকদের এই দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
পথসভায় এলাকার উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফয়সল আমিন বলেন, তার বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত নির্বাচনে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পালনকালে অল্প সময়ে বিভিন্ন উন্নয়নকাজ করেছেন। এ সময় তিনি ভূল্লী ও রুহিয়া উপজেলা প্রতিষ্ঠা, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল কলেজ প্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরেন। শিগগিরই একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
মির্জা ফয়সল আমিন আরও বলেন, ঠাকুরগাঁওয়ের গ্রামাঞ্চলের উন্নয়নে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ এসেছে। এ অর্থে রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণের পাশাপাশি মসজিদ-মন্দিরের উন্নয়ন করা হবে। এ ছাড়া ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে এবং কৃষক কার্ডের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
ভোটারদের উদ্দেশে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকার উন্নয়নকাজ অব্যাহত রাখতে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সরকারদলীয় সংসদ সদস্য না হলে উন্নয়নকাজের জন্য বরাদ্দ পাওয়া কঠিন হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি। নিজের মেয়র থাকাকালের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফয়সল আমিন বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মেয়র থাকলেও তিনি প্রয়োজনীয় বরাদ্দ পাননি।
তিনি আরও বলেন, ভোটের সিদ্ধান্তের প্রভাব ব্যক্তি ও এলাকার উন্নয়ন—দুই ক্ষেত্রেই পড়তে পারে। তাই এলাকার স্বার্থ বিবেচনায় নিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।