ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও, বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার
ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিস্তল ও বার্মিজ চাকু হাতে অস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ফুলকোর্ট মধ্যপাড়া এলাকার মো. এরিন আহম্মেদ সুইট (১৯) ও বিলকেশপাথার এলাকার মো. মিরাজুল (১৯)। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
পুলিশ জানায়, বার্মিজ চাকু হাতে টিকটক ভিডিও এবং পিস্তলের ছবি ফেসবুকে প্রকাশের পর থেকে আত্মগোপনে ছিলেন সুইট। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে ও তাঁর সহযোগী মিরাজুলকে গ্রেফতার করা হয়। তবে ডিবির অনুসন্ধানে ফেসবুকে প্রকাশ করা পিস্তলের ভিডিওটি অনলাইন থেকে সংগ্রহ করা বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে ওসি ইকবাল বাহার বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সুইট বার্মিজ চাকু ও অস্ত্রের ভিডিও বিশেষ ভঙ্গিতে ফেসবুকে প্রকাশ করেন। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। কিশোর গ্যাংয়ের অন্য সদস্যদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর বাংলাদেশ প্রতিদিন-এর নগরজীবন পাতায় 'কিশোর গ্যাংয়ের দাপট বগুড়ায় বাড়ছে প্রাণহানি' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারে তৎপরতা বাড়ায়।