সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ‘ডাকাত সাহেব’ নিহত

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ‘ডাকাত সাহেব’ নিহত

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সাহেব আলী (৫০) ওরফে ডাকাত সাহেব নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের ওয়াবদা কলোনির বউবাজার এলাকায় তাকে গুলি করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যার পর তার মৃত্যু হয়। পুলিশ বলছে, সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ২০টি মামলা রয়েছে।

নিহত সাহেব আলীর ছেলে মো. সজিব ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় তাদের নিজস্ব বাড়ি রয়েছে। তার বাবা দীর্ঘদিন ধরে বউবাজার এলাকায় বালুর ব্যবসা করতেন।

স্থানীয় রনিসহ কয়েকজন তার বাবার নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি করতেন। বিষয়টি জানতে পেরে তার বাবা তাদের বাধা দেন।

সজিবের ভাষ্য, সোমবার বিকেলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। কিছুক্ষণ পর তিনি খবর পান, বউবাজার এলাকায় তার বাবাকে গুলি করে খালের মধ্যে ফেলে রাখা হয়েছে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সজিব অভিযোগ করেন, রনিসহ চার-পাঁচজন তার বাবার কপাল ও শরীরের বিভিন্ন স্থানে গুলি করেন। এসময় ধারাল অস্ত্র দিয়েও তাকে কোপানো হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সাহেব আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, সাহেব আলী এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তার সঙ্গে চলাফেরা করতেন এমন ব্যক্তিরাই তাকে গুলি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। কারা তাকে গুলি করেছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সাহেব আলী ওরফে ডাকাত সাহেবের নামে ২০টি মামলা রয়েছে।