চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্রতিকি ছবি
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পাইকারি কাপড়ের মার্কেটে আগুন দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মো. জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার এসব তথ্য জানান।
গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই সূত্র জানায়, গত ৬ অক্টোবর বিকেলে সিটি করপোরেশনের বাসন থানার চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে অবস্থানকালে মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিলটন হোসেনের মোবাইল ফোনে কল করেন অজ্ঞাতনামা ব্যক্তি। ফোনে তিনি এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মার্কেটে আগুন ধরিয়ে দেওয়া এবং সুযোগ পেলে তাকে খুন-জখম করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মিলটন হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় ৬ অক্টোবর মামলা করেন।
ঘটনাটি নিয়ে পিবিআই গাজীপুর জেলা ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ অক্টোবর দিবাগত গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন দিঘীরচালা এলাকা থেকে জুয়েল আহমেদকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানায় পিবিআই।
গ্রেফতার মো. জুয়েল আহমেদ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কাঠারবিল গ্রামের সাদা মিয়ার ছেলে। তিনি প্রায় সাড়ে পাঁচ বছর ধরে গার্মেন্টস কারখানায় চাকরি করছিলেন। এ সময় অনলাইন ক্যাসিনো ও জুয়ায় আসক্ত হয়ে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতজনের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ করেন।
ঋণের টাকা পরিশোধের জন্য তিনি হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটের সামনের সাইনবোর্ড থেকে ফোন নম্বর সংগ্রহ করে মার্কেট কর্তৃপক্ষের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলে তদন্তে উঠে আসে। টাকা না দিলে মার্কেটে আগুন দেওয়ার হুমকিও দেন তিনি।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ভয়ে বাদী প্রথমে বিকাশের মাধ্যমে তিন হাজার টাকা দেন। পরে আরও দুই হাজার টাকা দেওয়া হয়। এরপর সোমবার ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। তবে এর আগেই পিবিআইয়ের অভিযানে গ্রেফতার হন জুয়েল।