দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি আরবের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি এ অনুরোধ জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিমন্ত্রী ওই হামলায় আহত বাংলাদেশিদের সৌদি কর্তৃপক্ষের দেওয়া চিকিৎসা ও সেবার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠককালে শামা সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং প্রাণহানির ঘটনায় শোক জানান।
তিনি উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করে বলেন, উত্তেজনা নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের ক্ষেত্রে সংলাপ ও কূটনীতিই হওয়া উচিত অগ্রাধিকারপ্রাপ্ত পথ।
সৌদি রাষ্ট্রদূত এই কঠিন সময়ে সংহতি ও সমর্থন জানানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও উঠে আসে।
উল্লেখ্য, দেশটিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস ও কাজ করছেন।