সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় বন্দরের অভ্যন্তরীণ ও কাস্টমসের কার্যক্রম নির্দিষ্ট তিন দিন স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে ছুটির বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, আগামী শনিবার থেকে শুক্রবার পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে শনিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ২৪ অক্টোবর থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে ব‌লেও জানান তি‌নি।