রিমান্ড শেষে আয়াশ ও রিমি কারাগারে

রিমান্ড শেষে আয়াশ ও রিমি কারাগারে

ছবিঃ সংগৃহিত।

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশ ও মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন খারিজ করেছেন আদালত। একই সঙ্গে রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে আয়াশ তিন দিন এবং রিমি দুই দিনের পুলিশি রিমান্ডে ছিলেন। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় তাদের কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল।

মামলাটিতে অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে।

এর আগে একই মামলায় সাকিবুল হাসান ও সুজন শেখ নামে আরও দুই আসামিকে রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। গত রবিবার তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। সাকিবুল হাসানকে তিন দিন এবং সুজন শেখকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।