বরিশালে স্থানীয় খেলোয়াড়কে আছাড়, নাইজেরিয়ান ফুটবলারকে মারধর

বরিশালে স্থানীয় খেলোয়াড়কে আছাড়, নাইজেরিয়ান ফুটবলারকে মারধর

সংগৃহীত ছবি

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে এক স্থানীয় খেলোয়াড়কে তুলে আছাড় মারার ঘটনায় নাইজেরিয়ান এক ফুটবলারের ওপর হামলা চালিয়েছেন দর্শকরা। এ ঘটনায় বন্ধ হয়ে যায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। পরে মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আয়োজক ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল রেফারি সমিতির সহসভাপতি মাকসুদ আলম বেগ জানান, বিকালে শহীদ জিয়া সড়ক একাদশ ও শেরে বাংলা সড়ক একাদশের মধ্যে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। প্রথমার্ধে শহীদ জিয়া সড়ক একাদশ এক গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে শেরে বাংলা সড়ক একাদশ।

মাকসুদ আলম বেগ বলেন, খেলা শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড আগে মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শহীদ জিয়া সড়ক একাদশের ৪ নম্বর জার্সি পরা নাইজেরিয়ান খেলোয়াড় ইডেন ক্ষুব্ধ হয়ে শেরে বাংলা সড়ক একাদশের ৭ নম্বর জার্সি পরা খেলোয়াড় রাব্বিকে তুলে আছাড় মারেন।

এ ঘটনা দেখে দর্শকরা ক্ষুব্ধ হয়ে মাঠে ঢুকে ইডেনের ওপর হামলা চালান এবং তাকে মারধর করেন বলে জানান তিনি। পরে পুলিশ, আয়োজক ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

মাকসুদ আলম বেগ আরও বলেন, ঘটনার পর পরিস্থিতি শান্ত হলেও ততক্ষণে আলো কমে যায়। ফলে খেলা আর শুরু করা সম্ভব হয়নি। রেফারির সিদ্ধান্ত অনুযায়ী, শেরে বাংলা সড়ক একাদশ ২-১ গোলে এগিয়ে রয়েছে। টুর্নামেন্ট কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খেলা চলাকালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বিরোধ হয়। এ সময় নাইজেরিয়ান খেলোয়াড় স্থানীয় এক খেলোয়াড়কে তুলে আছাড় মারেন। এ ঘটনায় দর্শকরা ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।