রিশাদকে ধরে রাখল হোবার্ট
সংগৃহীত ছবি
পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগস্পিনারকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স।
বিগ ব্যাশের ১৬তম আসরে আবারও হোবার্টের হয়ে মাঠ মাতাবেন তিনি। এবার সঙ্গী হিসেবে পাচ্ছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
গত মৌসুমে হারিকেন্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রিশাদ। বিগ ব্যাশে নিজের প্রথম আসরে শিকার করেছেন ১৫ উইকেট।
গড় ছিল ২০.৮৬। এমন পারফরম্যান্সে জিতেছেন ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও।
রিশাদের পারফরম্যান্সে মুগ্ধ হোবার্টের কর্তৃপক্ষও। দলের হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার সালিয়ান বিমস বলেছেন, ‘গত মৌসুমে রিশাদ আমাদের হয়ে অসাধারণ খেলেছে।
প্রথমবার বিগ ব্যাশে এসে প্রতিটি ম্যাচ খেলা এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তাঁর দক্ষতা ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা তুলে ধরে।’
বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে রিশাদকে প্রথমবার দলে নিয়েছিল হোবার্ট। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততার কারণে সেবার খেলা হয়নি রিশাদের। গত আসরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয় তার।
আগামী ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে হোবার্ট।
টুর্নামেন্ট শুরু হবে ১২ ডিসেম্বর।