চাঁদপুরে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

সংগৃহীত

চাঁদপুর জেলার বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৬ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে তিনটি গোডাউনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

অভিযানকালে বশির পাটোয়ারী, মাহবুব ও ফখরুদ্দিনের দোকান থেকে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এর মধ্যে বশির পাটোয়ারীর দোকান থেকে ১ হাজার ৫৮৩ কেজি, মাহবুবের দোকান থেকে ৭০ কেজি এবং ফখরুদ্দিনের দোকান থেকে ৪৩ কেজি পলিথিন উদ্ধার করা হয়।

এ সময় বশির পাটোয়ারীকে ৫০ হাজার টাকা এবং অপর দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। তিনটি গোডাউনের মালিকের কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মিজানুর রহমান জানান, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।