সহজেই বানিয়ে নিন সুস্বাদু মৌ শিম ভর্তা
ছবিঃ সংগৃহীত।
বাঙালির পাতে ভর্তা থাকলে আর তেমন কিছু না হলেও চলে! আলু ভর্তা, শুঁটকি ভর্তা কিংবা বেগুন ভর্তা-গরম ভাতের সঙ্গে নানান পদের ভর্তা খেতে ভালোবাসেন অনেকেই।এবার ভর্তার তালিকায় যোগ করতে পারেন মৌ শিমের ভর্তা। বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি এই সবজি।
তরকারি রান্নার পাশাপাশি অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই ভর্তা। ঝামেলা কম, উপকরণও হাতের নাগালে। গরম ভাতের সঙ্গে মৌ শিমের ভর্তা হলে সাধারণ খাবারেও যোগ হবে বাড়তি স্বাদ। তাহলে আর দেরি কেন? আজই ঘরে বানিয়ে নিন মজাদার মৌ শিমের ভর্তা।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে মৌ শিমের ভর্তা তৈরি করবেন-
উপকরণ
মৌ শিম ৫-৬টি
রসুন কুচি ২টি
পেঁয়াজ কুচি আধা কাপ
কাঁচামরিচ ৭-৮টি
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
সরিষার তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে মৌ শিম বড় বড় টুকরো করে কেটে সিদ্ধ করে নিন। এরপর একটি প্যানে অল্প সরিষার তেলে সিদ্ধ শিম, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ আলাদা আলাদা করে হালকা ভেজে নিন। এবার ভাজা সব উপকরণের সঙ্গে লবণ, ধনেপাতা পাটায় ভালো করে বেটে নিন।
ব্যস, তৈরি হয়ে যাবে সুস্বাদু মৌ শিমের ভর্তা। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার এই ভর্তা।