জমি নিয়ে বিরোধ, কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধ, কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. আবু কাউছার নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু কাউছার কুমিল্লা নগরের কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবু কাউছারের বন্ধু শামীমের একটি জমি নিয়ে স্থানীয় তৌহিদ ও তানজিলের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার উভয় পক্ষের মধ্যে সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অংশ নিতে ছত্রখিল এলাকায় যান আবু কাউছার।

এ সময় তৌহিদ, তানজিলসহ কয়েকজন সেখানে এসে অতর্কিত হামলা চালান। তারা আবু কাউছার ও তার যাতায়াতের অটোরিকশার চালককে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন কাউছার। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব বলেন, তৌহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। তারা স্থানীয়ভাবে জমির দালালি করেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় একজন যুবদল নেতাকে হারানোর পাশাপাশি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। বিরোধ থাকলে তার সমাধান হতে পারে।

কিন্তু এভাবে একজন মানুষকে হত্যা করা অত্যন্ত দুঃখজনক। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে কাউছারকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।’