ফারিয়ার নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা
ছবিঃ সংগৃহীত।
চেনা সাজের বাইরে গিয়ে নতুন লুকে ধরা দিলেন নুসরাত ফারিয়া।কালো পোশাকে সাহসী ও ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। নিজের এই লুককে ‘অন্য এক ব্যক্তিত্ব’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিতে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজারে দেখা গেছে তাকে। সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল ও বড় হুপ কানের দুল। পরিপাটি করে খোঁপা করা চুলে পুরো সাজে যোগ হয়েছে ভিন্নমাত্রা।
ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’ তার এই বক্তব্যের সঙ্গে পোশাক ও সাজের ভিন্নতা মিলিয়ে ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে আলোচনা।
প্রকাশের পর থেকেই ছবিগুলোতে প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্ত ও অনুসারীরা। কেউ তার নতুন লুকের প্রশংসা করছেন, কেউ আবার নেতিবাচক মন্তব্যও করছেন। একজন অনুসারী ছবিগুলোর প্রশংসা করে নেতিবাচক মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। আরেক ভক্তের চোখে ফারিয়ার এই সাজ সাহসী ও আবেদনময়ী। সব মিলিয়ে নতুন এই উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
ঢাকাই সিনেমার এই অভিনেত্রী সম্প্রতি শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা না বলা নিয়েও আলোচনায় এসেছিলেন। বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। এর মধ্যেই নতুন লুকে ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন ফারিয়া।
এদিকে, অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে তার হাতে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে সম্প্রতি। এতে ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।