পাথরঘাটায় চাঁদাবাজদের কোনো জায়গা নেই : চিফ হুইপ
ফাইল ছবি
বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, চাঁদাবাজি করে যারা খাবেন, তাদের কোনো জায়গা নেই পাথরঘাটায়। বিএনপি আপনাদের ‘ফ’ উপহার দিয়েছে, আর আওয়ামী লীগও ‘ফ’ উপহার দিয়েছে। তার মানে—বিএনপির ‘ফ্ল্যাগ’, আর আওয়ামী লীগের ‘ফাঁসি’।
শুক্রবার বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশে নুরুল ইসলাম মনি বলেন, আপনারা ভালো কাজের ও সততার মূল্যায়ন দিতে জানেন না। আমি রাস্তা-ঘাট, ব্রিজ, বিএফডিসি, পৌরসভা, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন খাতে উন্নয়ন করেছি। তারপরও আমার দুঃখ তো থাকতেই পারে।
এরপরও আমি এলাকায় আসছি, আপনাদের খোঁজখবর নিচ্ছি।
তিনি বলেন, আপনারা বলুন তো, আমার নির্বাচনী এলাকায় এমন কোনো উন্নয়ন খাত আছে, যেখানে আমার ছোঁয়া নেই? সব ক্ষেত্রেই আমি উন্নয়ন করেছি। আমি কোনো অসৎ কাজ করেছি বলে আমার মনে হয় না। আমি সৎ জীবন যাপন করেছি।
কারও কোনো ক্ষতি করেছি কিনা... আমার মনে পরে না। তারপরও আপনারা আমার সততার মূল্যায়ন দিতে পারেননি।
এলাকার সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, আমার এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাং থাকবে না।
উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে সন্ত্রাস ও কিশোর গ্যাং দমন করতে না পারলে তারা এ এলাকায় থাকতে পারবেন না।