নারায়ণগঞ্জে শ্রমিকের বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি টিনের ঘর থেকে নাদিম আকন্দ (৩৬) নামে এক শ্রমিকের বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত বাঁধা এবং গলায় রশি পেঁচানো ছিল। ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপও পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী এলাকার বাতেনের ভাড়া দেওয়া একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাদিম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত বুধবার সকাল ৭টার দিকে কালিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন নাদিম। শুক্রবার ওই টিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ গিয়ে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নাদিমের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক থাকার অভিযোগে এক ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নাদিমের দুই হাত বাঁধা ছিল এবং গলায় রশি পেঁচানো ছিল। ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।