দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় হোয়াইট হাউসের প্রেস সচিবকে সরালেন ট্রাম্প

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় হোয়াইট হাউসের প্রেস সচিবকে সরালেন ট্রাম্প

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেস সচিব নিয়োগের মাত্র এক সপ্তাহের মাথায় কেটি জ্যাকারিয়াকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

দায়িত্ব পালনে কেটি জ্যাকারিয়ার প্রথম সংবাদ সম্মেলন নিয়ে সমালোচনা এবং আইনজীবী হিসেবে তার পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই এ সিদ্ধান্তের কথা সামনে এলো।

তবে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তিনি জাকারিয়াকে সরাসরি চাকরি ছাড়তে বলেননি। তাকে পদটি নিয়ে নতুন করে ভাবতে বলেছেন। তার মতে, সংবাদমাধ্যম জাকারিয়ার প্রতি অন্যায় আচরণ করেছে।

ট্রাম্প বলেন, আমার মতে, কেটির সঙ্গে অত্যন্ত অন্যায় আচরণ করা হয়েছে। সংবাদমাধ্যম তাকে ‘নির্মমভাবে আক্রমণ করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি কেটিকে বলেছি, সংবাদমাধ্যম তার ওপর খুব কঠোর আচরণ করছে। আমি তাকে বলেছি, এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই।”

প্রথম সংবাদ সম্মেলন ঘিরে সমালোচনা

প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহেই জাকারিয়ার পেশাগত অভিজ্ঞতা ও জীবনবৃত্তান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে তার প্রথম সংবাদ সম্মেলনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়।

জাকারিয়া দীর্ঘদিন ধরে নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে আসছেন। একই সঙ্গে ফক্স নিউজ ও নিউজম্যাক্সের মতো রক্ষণশীল সংবাদমাধ্যমে ভাষ্যকার হিসেবে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করেছেন তিনি।

তবে প্রতিবেদন অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে আইনজীবী হিসেবে কাজ করার অনুমতিপত্র বা বার লাইসেন্স পেয়েছেন—এমন প্রমাণ এখন পর্যন্ত তিনি কিংবা হোয়াইট হাউস প্রকাশ করেনি। কয়েক বছর আগে চীনের একটি বড় আইন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতার কথাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু সেখানেও তার পেশাগত যোগ্যতার বিষয়ে প্রশ্ন উঠেছে।

স্বাধীন সংবাদমাধ্যম পপুলার ইনফরমেশন এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে জাকারিয়ার আইনজীবী হিসেবে নিবন্ধিত থাকার তথ্য পাওয়া যায়নি। এরপর সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, তিনি কোথায় আইনজীবী হিসেবে উত্তীর্ণ হয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প জাকারিয়াকে উত্তর দেওয়ার সুযোগ দেন। এ সময় জাকারিয়া বলেন, ‘আমি যখন চীনে গিয়েছিলাম...।’ এর পরপরই মেরিন ওয়ানের হেলিকপ্টারের শব্দে তার বক্তব্য চাপা পড়ে যায়।

তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন কিংবা বক্তব্যটি শেষ করেছিলেন কি না, তা স্পষ্ট হয়নি।

চীনের আইন পেশায় প্রবেশের জন্য দেশটির জাতীয় ঐক্যবদ্ধ আইন পেশাগত যোগ্যতা পরীক্ষা দিতে হয়। তবে এ পরীক্ষা দেওয়ার যোগ্যতা মূলত চীনা নাগরিকদের জন্য নির্ধারিত। ফলে চীনে তার আইন পেশার অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

শিক্ষাগত যোগ্যতার তথ্য দিল হোয়াইট হাউস

জাকারিয়ার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউস তাঁর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০০৭ সালে পেপারডাইন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি এবং ২০১১ সালে পেপারডাইন কারুসো স্কুল অব ল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

বিবৃতিতে জাকারিয়া বলেন, আমি আন্তর্জাতিক বাণিজ্যিক আইন নিয়ে কাজ করেছি এবং এ জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা আমার রয়েছে।

তবে তার শিক্ষাগত ডিগ্রির তথ্য প্রকাশ করা হলেও আইনজীবী হিসেবে তিনি কোথায় লাইসেন্স পেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ সামনে আসেনি।

হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং অবশ্য জাকারিয়ার পক্ষে অবস্থান নিয়ে বলেন, মার্কিন জনগণকে ট্রাম্প ও তার প্রশাসনের কার্যক্রম সম্পর্কে জানাতে তিনি অনন্য যোগ্যতাসম্পন্ন এবং অত্যন্ত মেধাবী। প্রেস সেক্রেটারি হিসেবে তিনি অসাধারণ কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন চেউং।

ট্রাম্পের প্রতিষ্ঠানে কাজ করতেন জাকারিয়া

জাকারিয়ার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, গত জুন থেকে তিনি ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। এর আগে চলতি বছরের শুরুতে দুই মাস যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগবিষয়ক উপসহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হিসেবে তার নিয়োগের ঘোষণার সময় তিনি ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রতিষ্ঠানে মাত্র কয়েক মাস কাজ করেছিলেন। ফলে তার নিয়োগের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল।

তথ্যসূত্র : এনবিসি নিউজ