নুডলস খাওয়ার পর প্রাণ গেল একই পরিবারের ৫ জনের
প্রতীকী ছবি।
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নুডলস খেয়ে পরিবারের সদস্যরা ঘুমাতে যান। পরদিন শনিবার (১৭ অক্টোবর) সকালে তাদের মৃত্যুর বিষয়টি সামনে আসে।
নিহত ব্যক্তিরা হলেন ৩৭ বছর বয়সী মহেশ, তার স্ত্রী ৩৫ বছর বয়সী ললিতা এবং তাদের তিন সন্তান। শিশুদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর।
পুলিশ জানায়, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে পরিবারের পাঁচ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিশ্রাম নিতে বিছানায় শুয়েছিলেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ দেখতে পায়।
তিনি আরও জানান, ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারটির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নয়ডা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা ও নিহত দম্পতির মায়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। তবে খাবার খাওয়ার সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, অ্যাম্বুলেন্স, ফরেনসিক দল ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তদন্তের অংশ হিসেবে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা করছেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক আলামত সংগ্রহ করছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।