৭৫-এও রজনীকান্তের দাপট, দুই দিনেই ২০০ কোটি পার
ছবি: সংগৃহীত
বয়স ৭৫ বছর। তবু পর্দায় অ্যাকশন তারকা হিসেবে এখনো তিনি অনন্য। তামিল সিনেমার এভারগ্রিন সুপারস্টার রজনীকান্ত। বয়স যে তার জনপ্রিয়তা ও দাপটের কাছে কিছুই না, সেটা আবারও প্রমাণ করলেন ‘জেলার ২’ দিয়ে।
১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে নেলসন দিলীপকুমারের সিনেমাটি। আর প্রথম দিনেই করেছে বাজিমাৎ। বিশ্বব্যাপী ১২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। দ্বিতীয় দিনেও দাপট রয়েছে অব্যাহত। আয় করেছে প্রায় ৮৫ কোটি রুপি।
ফলে দুই দিনেই ডাবল সেঞ্চুরি হাঁকালেন রজনীকান্ত। দুই দিনে ‘জেলার ২’র আয় ২১০ কোটি রুপি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিনেমাটির বাজেট ৩০০ কোটির মতো। তবে যে হারে সিনেমাটি বক্স অফিসে আয় করছে, তাতে লগ্নির টাকা তুলতে বেশি সময় লাগবে না। এক সপ্তাহের মধ্যেই সিনেমাটি লাভের ঘরে ঢুকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সমালোচকদের মতে, ‘জেলার ২’র গল্প যদিও আহামরি নয়। তবে এর উপস্থাপন আকর্ষণীয়। সিনেমায় দর্শকদের চমকে দেয়ার মতো মুহূর্ত রয়েছে অনেক। আছে অনেক তারকার ক্যামিও। যা সিনেমাটিকে উপভোগ্য করে তুলেছে। তবে সবকিছুর মূলে রজনীকান্তের অভিনয় ও অ্যাকশনকেই এগিয়ে রাখছেন দর্শক-সমালোচকরা। এই বয়সেও তিনি যে অনবদ্য, তা প্রমাণে একচুল ছাড় দেননি ‘থালাইভা’।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’। একই নির্মাতার সিনেমাটি বক্স অফিসে হয়েছিল সুপারহিট। এছাড়া সিনেমাটির গানও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। বক্স অফিস সাফল্যে সেই ধারাবাহিকতা যেন এবারও অব্যাহত থাকছে।