কক্সবাজারে বেড়াতে গিয়ে আর ফেরা হলো না মা-ছেলের
ছবি: সংগৃহীত
কক্সবাজারের ইনানী এলাকার একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে দুজন চুয়াডাঙ্গার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁরা হলেন ফারিয়া কবীর (৩৩) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে ফাইজান আহমেদ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত ১০ জনের মধ্যে রয়েছেন মা ফারিয়া কবীর ও তাঁর ছেলে ফাইজান আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারিয়া কবীর ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) নুর আলমের স্ত্রী। চাকরির সুবাদে গত আট বছর ধরে পরিবার নিয়ে চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় বসবাস করছেন নুর আলম। তাঁর গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
মুঠোফোনে নুর আলম জানান, গত বুধবার (১৪ অক্টোবর) তিনি, তাঁর স্ত্রী ফারিয়া কবীর, ছেলে ফাইজান আহমেদ, তিন শ্যালিকা ও এক শ্যালক কক্সবাজারে বেড়াতে যান। অফিসের কাজ থাকায় শুক্রবার তিনি তাঁদের সেখানে রেখে কর্মস্থল চুয়াডাঙ্গায় ফিরে আসেন।
নুর আলম জানান, শনিবার সকালে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পান তিনি। পরে সেখানে তাঁর স্ত্রী ও সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।