সাদুল্লাপুরে ব্রিজের নিচে মিললো অজ্ঞাত নারীর মরদেহ
প্রতিকি ছবি
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্রিজের নিচের পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত ও তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে।
ওসি আরও বলেন, নিহত নারীর পরনে জামা ও পায়জামা ছিল। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহে পচন ধরেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।