শেরপুরে লালনের ১৩৬তম তিরোধান দিবস পালিত
সংগৃহীত
বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিরোধান দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শাকিল আহমেদ এবং বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া।
সভায় বক্তারা লালন সাঁইয়ের জীবনদর্শন, সংগীত ও মানবতাবাদী চিন্তার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, লালন সাঁই তাঁর গান ও দর্শনের মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গেয়েছেন। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবপ্রেমের দর্শন আজও সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
বক্তব্য শেষে সাংস্কৃতিক পর্বে লালন সাঁইয়ের গান ও বাউলসংগীত পরিবেশিত হয়। এরমধ্য দিয়ে উপস্থিত দর্শক-শ্রোতারা বাংলার লোকজ ঐতিহ্য ও সংগীতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।