চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতিকি ছবি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি ভাড়া বাসা থেকে মো. হাসান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসান পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী এলাকার মো. সেলিমের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন। পাঁচ মাস ধরে পরিবার নিয়ে খোয়াজনগরে ভাড়া বাসায় থাকতেন তিনি।
কর্ণফুলী থানার ওসি নূর আহমদ জানান, রবিবার বাসার ভেতরে হাসানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনায় সময় পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পারিবারিক কলহের জেরে হাসান আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।