প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জেএম সেন হলের শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। এ সফর ঘিরে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির প্রায় ২০ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বিএনপিও।

 

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পূজামণ্ডপ ঘিরে আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সাড়ে ১২ হাজার আনসার সদস্যের পাশাপাশি পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এসআরবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এবং এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান পূজামণ্ডপটি পরিদর্শন করেন।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, এসএসএফের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা সাজানো হচ্ছে। শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম বিএনপির নেতা-কর্মীদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। গত শনিবার পূজামণ্ডপের প্রস্তুতি ঘুরে দেখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে।

মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তাঁর এ সফর চট্টগ্রামের মানুষের জন্য আনন্দের বিষয়।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানও জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘রেইনবো নেশন’ গড়ার বার্তা দিতে আসছেন প্রধানমন্ত্রী। তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, যেখানে ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবাই সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে।

সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নের অংশ হিসেবে তাঁর চট্টগ্রাম সফর অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রীর এ সফর সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন