জয়পুরহাটে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
ফাইল ছবি
জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করার পর চালককে হত্যা করে বাহনটি ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার (১৮ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল।
গ্রেপ্তারকৃতরা হলেন—হত্যাকাণ্ডের প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০) এবং তার সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে চালক শাখাওয়াত হোসেনের অটোভ্যানটি ভাড়া নেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা ব্রিজের কাছে এক নির্জন এলাকায় পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে শাখাওয়াতের মাথায় সজোরে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে ভিকটিমের গামছা দিয়ে রক্তের দাগ মুছে সেটি ও ব্যবহৃত শাবলটি ব্রিজের নিচে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে চক্রের অপর সদস্য আনোয়ারের সহায়তায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।
ঘটনার পর পাঁচবিবি থানায় মামলা হলে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে ডিবি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জয়পুরহাট জেলা ডিবির ওসি রাজু কামাল জানান, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।