লালমনিরহাটে ৪টি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
সংগৃহীত
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাসমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিআরআইআইপি) আওতায় চারটি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২০২৫-২৬ অর্থছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), লালমনিরহাট প্রায় ৭ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।
রোববার দুপুরে এসব সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল।
আদিতমারী উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী এ কে এম ফজলুল হক, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা চারটি সড়ক হলো- আদিতমারী উপজেলার মধুপুর শয়তানের মোড় থেকে মসুর দৈলজোর উচ্চবিদ্যালয় হয়ে হরিদাম পর্যন্ত সড়ক, কমলাবাড়ী শংকরটারী জিপিএস-কুমড়ীরহাট সড়ক, সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে কুমড়ীরহাট পর্যন্ত সড়ক এবং কুমড়ীরহাট-গোড়ল ইউনিয়ন পরিষদ সড়ক।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল বলেন, সড়কগুলোর নির্মাণকাজ শেষ হলে এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।