বেআইনি নির্মাণের অভিযোগ, অজয়ের বাংলোর অংশ ভাঙল পুরসভা

বেআইনি নির্মাণের অভিযোগ, অজয়ের বাংলোর অংশ ভাঙল পুরসভা

ছবি সংগৃহীত।

বলিউড অভিনেতা অজয় দেবগনের মুম্বাইয়ের জুহুর বাংলোর একাংশ ভেঙে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। বেআইনি নির্মাণের অভিযোগে আগেই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চলতে থাকায় শুক্রবার অভিযান চালায় পুরসভার কর্মকর্তারা।

পুরসভার দাবি, বাংলোটিতে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই অভ্যন্তরীণ পরিবর্তন, দেয়াল নির্মাণ ও জানালার কাঠামো বদলসহ বিভিন্ন কাজ চলছিল। এ অভিযোগে গত ১০ সেপ্টেম্বর কাজ বন্ধের নোটিস দেওয়া হয় এবং বৈধ নথিপত্র জমা দিতে বলা হয়। কিন্তু নোটিসের পরও কাজ চলছিল বলে অভিযোগ।

পুরসভার কর্মকর্তারা শুক্রবার ঘটনাস্থলে গিয়ে নির্মিত অংশ ভেঙে দেন। বাংলোটিতে একটি সালোঁ ও স্পা চালুর প্রস্তুতি চলছিল বলেও জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের আপত্তি ছিল বাংলোটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহারের পরিকল্পনা নিয়ে। তাঁদের আশঙ্কা, সেখানে গ্রাহকদের যাতায়াত বাড়লে পার্কিং, নিরাপত্তা ও শব্দদূষণের সমস্যা তৈরি হবে। তবে অজয় দেবগনের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, প্রয়োজনীয় অনুমতি ও অনুমোদন নিয়েই নির্মাণকাজ করা হয়েছিল। দেবগন পরিবার নোটিসের জবাব দিতে চার সপ্তাহ সময় চেয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।